সরকারি প্রশাসনে আবারও বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
নতুন করে অবসরে পাঠানো ১২ জন অতিরিক্ত সচিব হলেন, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান ও মেহেদী হাসান।
অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো চারজন যুগ্ম সচিব হলেন, মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মণ্ডল।





