দেশে এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২২ শতাংশ বেশি। নতুন শনাক্ত রোগীদের ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিবাহবিচ্ছেদের পর একা বসবাস করছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সসীমার।
আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ) এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য। এ ছাড়া ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এইচআইভি চিকিৎসাসেবার বিষয়ে মন্ত্রণালয় জানায়, দেশে সরকারি অর্থায়ন ও উন্নয়ন সহযোগী সংস্থা দ্য গ্লোবাল ফান্ডের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি অর্থায়নে ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষাকেন্দ্র, ১৬টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আটটি এনজিওর পিআর ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালগুলোতে এইচআইভি কার্যক্রম আরও কার্যকর করা এবং কর্মসূচিতে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। এর আওতায় দেশের ৬৪ জেলার মেডিকেল কলেজ হাসপাতাল বা জেলা সদর হাসপাতালে এইচআইভি পরীক্ষার সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রতিটি জেলার জনবলও প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকার প্রায় ১০ হাজার ১১৪ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে বিনামূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে।
দেশে প্রথম ১৯৮৯ সালে এইচআইভি শনাক্ত হয়। এরপর থেকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার ০ দশমিক ০১ শতাংশের নিচে রয়েছে, যা স্থিতিশীল। তবে সামগ্রিকভাবে সংক্রমণের হার কম থাকলেও শিরায় মাদক গ্রহণকারী, নারী ও পুরুষ যৌনকর্মী, এমএসএম, এমএসডব্লিউ এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে দেশে ৬৫৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১৪১ জন মারা যান। ২০২১ সালে শনাক্ত হন ৭২৯ জন; মৃত্যু হয় ২০৫ জনের। ২০২২ সালে ৯৪৭ জন শনাক্ত হওয়ার বিপরীতে মারা যান ২৩২ জন। ২০২৩ সালে শনাক্ত হন ১ হাজার ২৭৬ জন, মৃত্যু হয় ২৬৬ জনের। ২০২৪ সালে ১ হাজার ৪৩৮ জন শনাক্ত হন এবং মারা যান ১৯৫ জন। আর ২০২৫ সালে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়; তাঁদের মধ্যে ২১৯ জন মারা যান।





