জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পলবান্ধা রেলগেট এলাকায় দেওয়ানগঞ্জ-ইসলামপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল হক (২৮), লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল (২৭) ও একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২০); জিয়াউল হক ও বকুল সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন; পথে পলবান্ধা রেলগেট এলাকায় জামালপুরগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মোটরসাইকেলটি দ্রুতগতিতে ও আঁকাবাঁকাভাবে চলছিল এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়; সংঘর্ষের পর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন; মোটরসাইকেল ও ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিআর





