বিশ্ববাজারে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে সোনার দাম। মার্কিন ডলারের মূল্য হ্রাস এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার জেরে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বুধবার (৬ মে) এক দিনেই সোনার দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪,৬৪৭.০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও সমানতালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪,৬৫৮ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দরপতন বিনিয়োগকারীদের কাছে সোনাকে আরও সাশ্রয়ী ও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ও সামগ্রিক অস্থিতিশীলতা বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ধাবিত করছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে। এক দিনেই সোনার দামে ২ শতাংশের বেশি লাফ দেওয়ার ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উত্থান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিশ্ববাজারে সোনার এই ঊর্ধ্বগতির ফলে দেশের বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। খুব শীঘ্রই দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মানবকণ্ঠ/আরআই




Comments