অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে; কার্যক্রম নিষিদ্ধ ও ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর থেকেই বিজিবির এই কড়া নজরদারি বাড়ানো হয় এবং গত রোববার সন্ধ্যা থেকে সীমান্ত এলাকায় সার্চলাইট ব্যবহার করে রাতভর টহল কার্যক্রম চলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সিসি ক্যামেরা, ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও সীমান্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক তৎপরতা ও থমথমে পরিস্থিতি
অপরদিকে অবৈধ অনুপ্রবেশের খবরে বেনাপোল সীমান্ত এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাত জেগে বিজিবি সদস্যদের সঙ্গে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের অপতৎপরতা রুখতে যশোর-কলকাতা মহাসড়কে দফায় দফায় মিছিল বের করা হচ্ছে এবং বেনাপোল স্থলবন্দরে কর্মরত বন্দর শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও মিছিল করতে দেখা গেছে।
বেনাপোল এলাকার স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে আলাপকালে জানা যায়, ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বেনাপোল সীমান্ত এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে; ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্ক ও সহিংস ঘটনার আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন।
ডিআর




