ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রণীত এই চূড়ান্ত ভোটার তালিকায় চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে আগামী ২৭ মে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
ডিআর




