দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন। ক্রমবর্ধমান সরকারি ঋণের চাপ মোকাবিলা, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন অর্থায়নের বিকল্প উৎস অনুসন্ধানের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটি চলবে ১৫ ও ১৬ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ঋণ গ্রহণের উদ্দেশ্য কেবল আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়; বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ করে তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে কাজে লাগানো। এ ক্ষেত্রে সরকারের বিবেচনায় রয়েছে সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো বিকল্প অর্থায়ন পদ্ধতি।
সম্মেলনে প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। এ ছাড়া এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনের সাতটি অধিবেশনে সরকারি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ গ্রহণের কৌশল, সুদ ও ঋণ পরিশোধের ঝুঁকি, স্থানীয় বন্ড বাজারের উন্নয়ন এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
আন্তর্জাতিক বন্ডবাজার থেকে মার্কিন ডলার, জাপানি ইয়েন ও চীনা ইউয়ানে সার্বভৌম বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং সরকারি ঋণ ব্যবস্থাপনায় পৃথক ডেট ম্যানেজমেন্ট অফিস গঠনের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।
এদিকে সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি ও অর্থায়ন কাঠামো নিয়ে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার। ঋণের সম্ভাব্য পরিমাণ, শর্ত এবং সংস্কার কার্যক্রমের ধরন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সুদ ও কিস্তি পরিশোধের চাপও বাড়ছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে সরকারি ঋণের সুদ পরিশোধ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। ফলে উন্নয়ন ব্যয় নির্বাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতে বিনিয়োগের সুযোগ বজায় রাখার ক্ষেত্রে কার্যকর ঋণ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের অভিমত, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য তৈরি, ঋণের কার্যকর ব্যবহার এবং দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সক্ষমতা নিশ্চিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার (১৬ নভেম্বর) সুকুক ও ইসলামি অর্থায়ন, বিকল্প অর্থায়নের উৎস এবং ঋণ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আলোচনা ও সুপারিশ দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ নীতি ও সংস্কার প্রণয়নে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকেরা।
এসএ




