জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। নতুন এ ব্যবস্থার আওতায় এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
রোববার ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে এ নতুন আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের সুযোগও থাকছে। ফলে ভিসা প্রক্রিয়ায় দূতাবাসে সরাসরি উপস্থিতির জন্য প্রয়োজনীয় সময় কমবে।
দূতাবাসে সরাসরি উপস্থিতির সময় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও রয়েছে।
এদিকে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে শিক্ষার্থী ভিসার আগের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করেছেন এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় রয়েছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে। আগের অপেক্ষমাণ তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। ফলে পুরোনো নিবন্ধনগুলো আর কার্যকর থাকবে না।
এ কারণে নতুন ও পুরোনো—সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।
নতুন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে অনলাইন পোর্টালে।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/




