ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ (শনিবার)। গতকাল (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান ইউনিটে। তবে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫১ দশমিক ৪২ জন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৩৩ দশমিক ৬ জন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৭ দশমিক ৯৪ জন।
অন্যদিকে, আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন।
এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৪১ দশমিক ৮৩ জন।
বিএইচ





