বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রলের শিকার হন তারকারা। এবার এই ট্রল নিয়ে মুখ খুললেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি নটি-বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। আর এই কাজ করতে করতেই তার কাছে অফার আসে সত্যবতী চরিত্রের।
নতুন চরিত্রের অভিনয়ে ভুল হলেই শুরু হয়ে যাবে ট্রল। এ নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? রুক্মিণীর কথায়, ট্রল এখন ট্রেন্ড। এই নিয়ে বেশি ভাবছি না। ট্রলিংয়ের কথা ভাবলে কাজই করা যাবে না। আমি একটা কথা বেদবাক্যের মতো মানি। আর সেটা হলো, ‘তোমরা আমাকে ট্রল করো, আমি কাজ দিয়ে তার উত্তর দেব।’ তিনি আরও বলেন, ‘ট্রলিং নয়, আসলে আমি ভয় পাই দেবকে। সে কখন আমাকে বকে দেবে তার কোনো ঠিক নেই। আসলে অন্যদের সঙ্গে কাজ করলে তাও একটু হাসিঠাট্টা, খুঁনসুটি করতে পারি। কিন্তু তার সঙ্গে খুব সিরিয়াসভাবে কাজ করতে হয়। শুটিং সেটে আমরা ব্যক্তিগত সম্পর্ককে বাড়িতে রেখে আসি।’
ব্যোমকেশ সিনেমা মহরতে ঘোষণা করা হয় সত্যবতী হিসেবে রুক্মিণীর নাম। ছবিটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। এর আগে সত্যবতী চরিত্রে অনেক অভিনেত্রীকে দেখা গেছে। সেই ক্ষেত্রে কি কোনো ভয় পাচ্ছেন অভিনেত্রী? উত্তরে রুক্মিণী বলেন, ‘আমার অভিনয়টা যে অন্য কারোর মতো হয়ে যাবে তা আমি কখনোই ভাবি না। কারণ আমার অভিনয় হবে আমার মতো। কাউকে অনুকরণ আমি করতে পারি না। আর করিও না। আর বিরসা বলেছে, আমি যেন নিজের মতো করেই অভিনয় করি এই চরিত্রে।’



