ঢালিউড সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছিলেন তারা। এরপর প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করে এই জুটি। সংসারও বেঁধেছেন তারা। সংসার থেকে আলাদা হয়ে একে অন্যের প্রতিযোগী হয়ে আসছেন শাকিব-বুবলী।
জানা গেছে, এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অন্যদিকে বুবলীকে দেখা যাবে ‘প্রহেলিকা’ সিনেমায়। একদিকে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আর বুবলীর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
এই দুই সিনেমা ঘিরে নীরব প্রতিযোগিতা চলছে। ‘প্রহেলিকা’ সিনেমার প্রকাশিত পোস্টারের ট্যাগলাইনে দেখা গেছে, ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প।’ ‘প্রিয়তমা’ নামটিকে সিনেমার প্রচারণার কৌশল হিসেবে নিয়েছে এমনটাই মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
এদিকে শাকিব খান ও শবনম বুবলী বিয়ে করলেও এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা হয়নি এই দম্পতির। তাদের সংসারে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। শাকিব খান দাবি করছেন, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, সংসার টিকিয়ে রাখার জন্য তিনি সবটুকু চেষ্টাই করেছেন।
বুবলী বলেন, আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে ট্রাই করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক, এটাই চাই।
বুবলী আরও বলেন, অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। আমি চেয়েছি সবসময় ঘরটা বাঁচাতে। সেটা যখন আমার ঘর ছিল। সে জায়গা থেকেই তো আমি ট্রাই করেছি বা করছি।
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। যার নাম শেহজাদ খান বীর।





