আর কয়েক দিন পরই ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে সিনেমাপাড়া। এই ঈদে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তবে সবার নজর শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাসের দিকেই।
ঈদে শাকিব খানের প্রিয়তমা ও অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমা মুক্তি পাচ্ছে। অন্যদিকে শবনম বুবলী অভিনীত প্রহেলিকা, ক্যাসিনো ও রিভেঞ্জ মুক্তির মিছিলে রয়েছে। তবে এই তিন তারকার প্রতি দর্শকের আগ্রহ একটু বেশিই। কারণ ব্যক্তিজীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান। এই দুই সংসারে শাকিবের দুটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে অপু বিশ্বাস ও শবনম বুবলীর জীবন থেকে আলাদা হয়েছেন এই অভিনেতা। কিন্তু ব্যক্তিজীবনে আলাদা হলেও সিনেমার পর্দায় দুই সাবেকের মুখোমুখি হচ্ছেন শাকিব খান।
মজার বিষয় হলো, ইদানীং শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। নিজের সাবেক স্বামীকে নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। আসন্ন ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু। শুধু তাই নয়, ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম ঝলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে শাকিবকে শুভকামনাও জানিয়েছেন। শাকিবকে নিয়ে অপু বলেছেন, “সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা থেকে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে। একজন নায়ক মানে, এরকমই। সবাই যাকে দেখে ওয়াও বলছে, আমি না বলে কি পারি।’
এদিকে শাকিব-অপুর মিলে যাওয়ার গুঞ্জনের ডালপালা মেলেছে। অনেকেই মনে করছেন, তারা হয়তো আবারও একসঙ্গে থাকা শুরু করবেন। বিষয়টি বুবলীরও নজরে এসেছে। শাকিব-অপুর এক হওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন বুবলীও। তিনি বলেন, ‘যদি তারা আবারও একসঙ্গে হন, তাহলে ‘মোস্ট ওয়েলকাম’। সেটা নিয়ে কেন এত গোপনীয়তা? তারা সম্মানের সঙ্গেই বলতে পারেন, যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই না, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে।’
এদিকে শাকিব খান জানিয়েছেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধু ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়। সেই সঙ্গে বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে শাকিব বলেন, ‘বুবলীকে আমার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না। কারণ আর কোনো দিন বুবলীর সঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চাই না।’ তবে শাকিব যেই মন্তব্যই করুক না কেন, তার প্রতি সম্মানের জায়গাটা টিকিয়ে রাখতে চান বুবলী।
‘প্রিয়তমা’র লুকে আলোচনায় শাকিব
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার তৃতীয় লুক প্রকাশ হয়েছে মঙ্গলবার। এরই মধ্যে লুকটি ভাইরাল হয়েছে। ছবি দেখে বোঝার উপায় নেই এটা শাকিব খান। ছবিতে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি পরনে এক বৃদ্ধ বসে আছে। বাতাসে তার লম্বা চুল উড়ছে। ছবি দেখে মনে হচ্ছে, যেন কোনো প্রিয়তমার অপেক্ষায় তার প্রেমিক অপেক্ষারত অনন্তকাল ধরে। ছবিটি শেয়ার করে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, আছি তোমারই অপেক্ষায়
শাকিব খানের লুকটি শেয়ার করে নেটিজেনদের একজন লিখেছেন, এতটা এক্সেপশনাল হবে আশা করিনি।জাস্ট অবাক অবাক অবাক! আরেকজন লিখেছেন, অসাধারণ। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনানের প্রযোজনায় রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এই সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমায় আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।
অপুর লাল শাড়ি
সাবেক স্বামী শাকিব খানের ঈদের সিনেমার প্রশংসা করে আলোচনায় এসেছেন অপু বিশ্বাস। এই ঈদে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে। এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, ‘প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’ ‘লাল শাড়ি’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও দোয়েল প্রমুখ। গত ঈদুল ফিতরে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা মুক্তি পেয়েছিল। তার বিপরীতে অভিনয় করেছিলেন জয় চৌধুরী। সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি। ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে অপু বিশ্বাস আবার সিনেমার পর্দায় কামব্যাক করতে পারবেন কি না? এমনই প্রশ্ন সিনেমা সংশ্লিষ্টদের।
বুবলীর হ্যাটট্রিক
হ্যাটট্রিক মিশন নিয়ে আসছেন শবনব বুবলী। তার ক্যাসিনো, রিভেঞ্জ ও প্রহেলিকা মুক্তি পাচ্ছে ঈদে। তিনটি সিনেমায় তার বিপরীতে রয়েছেন নিরব, রোশান ও মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায় বুবলীর বিপরীতে থাকছে নিরব। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। এই সিনেমার মেঘের নৌকা গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমাটির একটি ক্যারেক্টার পোস্টার যেখানে বুবলীকে দেখা গিয়েছে খাঁচাবন্দি রূপে! সেই পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’! ‘প্রহেলিকা’ সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন অর্পা চরিত্রে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ। অন্যদিকে মো. ইকবাল হোসেন পরিচালিত রিভেঞ্জ সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে রোশানকে। এই সিনেমার গল্প ও চরিত্র নিয়ে বুবলী দারুণ উচ্ছ্বসিত। শাকিব খানের বাইরে ঈদে বুবলী তিন নায়কের বিপরীতে কতটা জ্বলে উঠবেন, তা জানতে দর্শকদের আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে।





