দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এবং দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেনের স্বাক্ষরিত এক নোটিশে এই তলব করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ওই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থেই গত ৪ নভেম্বর দুদকের পক্ষ থেকে তলবি চিঠি ইস্যু করা হয় এবং বুধবার তাকে কমিশনে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বলা হয়েছে।
মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে তিনি প্রথম দেশজুড়ে আলোচনায় আসেন। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
শোবিজ ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মেঘনা আলম। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এই মডেল ও রাজনীতিবিদ।
ডিআর




