১৮৬ ক্যারেটের দুর্লভ হীরার হার পরে আবারও আলোচনায় এসেছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ‘সিসিলিয়া’ নামের এই হীরার হারের মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। এত দামি গয়নার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন চারজন রক্ষী, যাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা।
গত বৃহস্পতিবার রাতে কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’-এর প্রিমিয়ারে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে হাজির হন লোপেজ। এ সময় তাঁর গলায় শোভা পায় ১৮৬ ক্যারেটের দুর্লভ হীরার হারটি।
হারটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির একটি হীরা।
লোপেজ জানান, গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ফ্যাশন শোতে প্রথম তাঁর পোশাক ও হারটি পছন্দ হয়। পরে প্রিমিয়ারের জন্য ব্র্যান্ডটি তাঁকে হারটি ধার দেয়।
তবে এত দামি গয়না নিজের কাছে রাখার ইচ্ছা নেই লোপেজের। তাঁর ভাষায়, এটি এমন একটি গয়না, যা প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়।
এদিকে ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। নতুন অ্যালবামের কাজ করছেন তিনি। তাঁর কনসার্ট চলচ্চিত্রে ব্রঙ্কসে শৈশব থেকে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
ব্যক্তিগত জীবনেও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন লোপেজ। চারটি বিয়ে বিচ্ছেদে শেষ হওয়ার পর আপাতত নতুন সম্পর্কে জড়ানোর তাড়া নেই তাঁর। সন্তান এমে ও ম্যাক্স কলেজে চলে যাওয়ায় বাড়িতে তাদের অনুপস্থিতিও গভীরভাবে অনুভব করছেন তিনি।
‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে প্যারামাউন্ট প্লাসে।
বিএইচ




