প্রকৃতির পালাবদলে হেমন্তের আগমনী হাওয়া আর কার্তিক মাসের শেষ দিন, অর্থাৎ কার্তিক সংক্রান্তির সন্ধ্যা। একসময় এ সময়টিতে গ্রামবাংলার জনপদ মুখর হয়ে উঠত ব্যতিক্রমী এক লোকজ উৎসবে। উৎসবটির নাম ‘ভোলাভুলি’ বা ‘ভুলা পোড়ানো’। শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসব একসময় গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ থাকলেও আধুনিকতা ও যান্ত্রিক সভ্যতার প্রভাবে আজ তা হারিয়ে যেতে বসেছে।
কার্তিক সংক্রান্তির সেই চিরচেনা আমেজ, ঢাকঢোলের শব্দ আর শিশু-কিশোরদের আনন্দ-উল্লাস এখন আর আগের মতো চোখে পড়ে না। তবে সম্প্রতি হবিগঞ্জের লাখাই উপজেলার মাহমুদপুর গ্রামে দেখা মিলেছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ‘ভুলা পোড়ানো’ উৎসবের। গ্রামটিতে এ আয়োজন যেন নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে বাংলার শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা লোকজ সংস্কৃতির কথা।
জানা যায়, কার্তিক মাসের শেষ দিন বা সংক্রান্তির সন্ধ্যায় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় এ উৎসবের আয়োজন করা হতো। খড়, বাঁশ ও পাটকাঠি দিয়ে মানুষের অবয়বে তৈরি করা হতো পুতুলসদৃশ ‘ভোলা’। পরে এর গায়ে ধূপ, সরিষা ও শুকনো পাটপাতা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হতো। এরপর গ্রামের ছোট-বড় সবাই মিলে জ্বলন্ত ভোলাটি নিয়ে মাঠে কিংবা বাড়ির আঙিনায় ছুটে বেড়াতেন। এ সময় ছড়া কাটার মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করতেন শিশু-কিশোররা।
লোকবিশ্বাস অনুযায়ী, এ আচার পালনের মধ্য দিয়ে ঘরবাড়ি থেকে মশা-মাছি, আপদ-বালাই ও অশুভ শক্তি দূর হয়। একই সঙ্গে পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে বলে মনে করা হতো। উৎসবের সময় শিশু-কিশোরদের কণ্ঠে শোনা যেত ঐতিহ্যবাহী নানা ছড়া। এর মধ্যে উল্লেখযোগ্য—
‘ভোলা ছাড়, ভুলি ছাড়, বার মাইয়া পিছা ছাড়।
ভাত খাইয়া লড়চড়, পানি খাইয়া পেট ভর...।’
আবার কেউ কেউ ছড়া কাটতেন—
‘ভালা আইয়ে, বুরা যায়,
মশা-মাছির মুখ পোড়া যায়!’
.jpg)
সম্প্রীতি ও মিলনের উৎসব
‘ভোলাভুলি’ কেবল একটি লোকজ আচার ছিল না; এটি ছিল গ্রামীণ জনপদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের অন্যতম মাধ্যম। ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামের মানুষ এ উৎসবে অংশ নিতেন। কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় অনেক বাড়িতে আয়োজন করা হতো নানা পদের পিঠাপুলির। পাড়া-প্রতিবেশীদের মধ্যে খাবার বিনিময়, একসঙ্গে আনন্দ উদ্যাপন এবং পারস্পরিক মেলামেশার মধ্য দিয়ে গড়ে উঠত সম্প্রীতির এক অনন্য পরিবেশ।
আধুনিকতার প্রভাবে হারাচ্ছে ঐতিহ্য
কালের বিবর্তনে গ্রামীণ জীবনযাত্রার পরিবর্তন, কৃষিকাজে যান্ত্রিকীকরণ এবং আধুনিক বিনোদনের প্রসারের কারণে ক্রমেই হারিয়ে যাচ্ছে এ ধরনের লোকজ উৎসব। একসময় যেসব উৎসবকে ঘিরে গ্রামজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ত, সেগুলো এখন অনেকটাই স্মৃতিনির্ভর। প্রবীণদের স্মৃতিচারণে টিকে থাকলেও নতুন প্রজন্মের অনেকের কাছেই ‘ভোলাভুলি’ নামটি অপরিচিত।
লোকসংস্কৃতিপ্রেমী ও সচেতন মহলের মতে, এভাবে একের পর এক লোকজ উৎসব হারিয়ে গেলে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানার সুযোগ হারাবে। তাই ‘ভোলাভুলি’র মতো হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি এসব উৎসবের ইতিহাস ও তাৎপর্য নিয়ে গবেষণা, স্থানীয় পর্যায়ে আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে পরিচিত করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, শেকড়ের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে শুধু স্মৃতিচারণ নয়, প্রয়োজন ঐতিহ্যগুলোর চর্চা ও সংরক্ষণ। তাহলেই আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে আবহমান বাংলার লোকজ সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস।




