টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, আইসিসি কর্তৃক বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কঠোর অবস্থান নিয়েছে। পিসিবি এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে এটিই এই সিদ্ধান্তের প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।
ঘটনার সূত্রপাত হয় যখন বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়। এর পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে সেই প্রস্তাব নাকচ হয়ে যায় এবং বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসির সেই ভোটাভুটিতেও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।
এর আগে পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে অভিহিত করেন। তিনি যুক্তি দেন যে, বিভিন্ন দেশের ক্ষেত্রে আইসিসির ভিন্ন ভিন্ন নিয়ম বা আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সূত্র: উর্দু পয়েন্ট ও এনডিটিভি
মানবকণ্ঠ/ডিআর




Comments