রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাঘাইহাট সেনা জোন।
২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন সাজেকের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দক্ষ প্রশিক্ষক ও চিকিৎসকদের তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, পরিচর্যা এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী পশুপালন ও পোল্ট্রি খাতকে আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তুলতে পারবেন। এতে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, বাঘাইহাট সেনা জোন শুরু থেকেই স্থানীয় জনগণের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এসএ




