নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকানঘরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ক্ষুদ্র ব্যবসায়ী।
রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের মহাজ উদ্দিনের ছেলে রবিউল মিয়া ও সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়ার দুটি দোকানঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। দোকানে থাকা তুলা, কাপড়, সুতা, লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল মিয়া জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাঁর গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। এতে ফিরোজ মিয়ার দোকানে থাকা তুলা, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফিরোজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিউল মিয়ার দাবি, ফিরোজ মিয়ার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুই ব্যবসায়ীর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ টাকা।
স্থানীয়দের ধারণা, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ফিরোজ মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ অগ্নিকাণ্ডের ঘটনা খালিয়াজুরীর অগ্নিনির্বাপণ ব্যবস্থার সীমাবদ্ধতাকে নতুন করে সামনে এনেছে। হাওরবেষ্টিত এ উপজেলার অন্যতম বড় বাজার পুরাতন বাজার এলাকায় ফায়ার সার্ভিসের কার্যালয় থাকলেও প্রয়োজনীয় যানবাহন ও জনবল না থাকায় প্রতিষ্ঠানটি কার্যকরভাবে সেবা দিতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের প্রশ্ন, ফায়ার সার্ভিসের কার্যালয় থাকার পরও সেখানে প্রয়োজনীয় গাড়ি, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল থাকবে না কেন? একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ইউনিট থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে মনে করেন তাঁরা।
হাওরাঞ্চলের দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে খালিয়াজুরীতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাজারের ঘনবসতিপূর্ণ দোকানপাটে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই শুধু কার্যালয় স্থাপন নয়, প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও জনবল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, খালিয়াজুরীতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর ফায়ার সার্ভিস ইউনিট চালু করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।
খালিয়াজুরীর লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, জিয়াউদ্দিন জিয়া, আলকাছ ও কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তাঁরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুরবস্থার বিষয়টি স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে অবহিত করে তাঁদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করবেন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, নেত্রকোনা জেলা কার্যালয়ে সভা থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
এসএ




