দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সুইডেন আসলাম। থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
রোববার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাওয়ার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে পৌঁছান তিনি। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে তাদের হাতে তুলে দেয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, সুইডেন আসলামের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। সম্ভবত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
বিমানবন্দর কর্তৃপক্ষও তাকে ডিবিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বিএইচ




