হুমকির পরই ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ পরাজয়’ দেখছে রাশিয়া
ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ও হামলার হুমকির কয়েক ঘণ্টার মাথায় ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে যুক্তরাষ্ট্রের জন্য এক ‘ভয়াবহ পরাজয়’ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মনে করেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ‘একতরফা ও উসকানিমূলক’ কৌশল চরমভাবে ব্যর্থ হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, “কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত আগ্রাসী বার্তা দিচ্ছিলেন। কিন্তু সেই সব আস্ফালন এখন ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে তাদের কৌশল শোচনীয়ভাবে হেরেছে।”
উল্লেখ্য, মঙ্গলবারও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন ট্রাম্প। কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পরেই তিনি অপ্রত্যাশিতভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। রাশিয়ার মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অবস্থানের দুর্বলতাই প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে জাখারোভা আরও উল্লেখ করেন, রাশিয়া শুরু থেকেই এই সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছিল। মস্কো বারবার সতর্ক করেছিল যে, এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৩৯ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হারিয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৩৯ দিনের এই সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী যুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments