একসময় বিশ্বের শীর্ষ ধনীর মুকুট ছিল তাঁর মাথায়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সম্পদের হিসাব। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এখন আর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম সারিতে নেই। ২০২৬ সালের ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের ধনীদের মধ্যে তাঁর অবস্থান ১৬তম।
বিল গেটসের সম্পদের অবস্থান পিছিয়ে পড়ার অন্যতম কারণ তাঁর দীর্ঘদিনের জনহিতকর কার্যক্রম। তিনি ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস মিলে গড়ে তোলেন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। নিজের সম্পদের বড় অংশ জনকল্যাণে ব্যয় করার পরিকল্পনাও তাঁর সম্পদের পরিমাণে প্রভাব ফেলেছে।
এ ছাড়া ২০২১ সালে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সম্পদ ভাগাভাগির বিষয়টিও তাঁর সম্পদের হিসাব পরিবর্তনে ভূমিকা রেখেছে।
অন্যদিকে, প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উত্থানও বিল গেটসের অবস্থান পিছিয়ে যাওয়ার একটি কারণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের সম্পদ দ্রুত বেড়েছে।
বিল গেটসও মাইক্রোসফটের বেশির ভাগ শেয়ার অনেক আগেই বিক্রি করে বিনিয়োগের ক্ষেত্র পরিবর্তন করেছেন। পাশাপাশি জনহিতকর কাজে সম্পদ ব্যয়ের কারণে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ তুলনামূলক কমেছে।
সব মিলিয়ে, জনকল্যাণে বিপুল অর্থ ব্যয়, বিবাহবিচ্ছেদের পর সম্পদ ভাগাভাগি এবং নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের দ্রুত উত্থানের প্রভাব পড়েছে বিল গেটসের সম্পদের অবস্থানে।
সূত্র: ফোর্বস
এনএ




