অধস্তন আদালতের বিচারকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিচারিক কার্যক্রম শুরু ও এজলাসের কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশক্রমে এ নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সার্কুলারে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়া, এজলাসের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে আগেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সম্প্রতি অনেক অধস্তন আদালতের বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন।
এ ছাড়া সপ্তাহের বিভিন্ন কর্মদিবসে নির্ধারিত সময়ের আগেই একাধিকবার কর্মস্থল ছাড়ছেন কেউ কেউ। অনেক বিচারক নির্ধারিত সময়ে বিচারিক কার্যক্রম শুরু করছেন না এবং এজলাসের সময় শেষ হওয়ার আগেই কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন।
এতে বিচারপ্রার্থীদের বিচারপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। মামলাজট কমানো, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচারিক কার্যক্রমে গতি আনতে কর্মঘণ্টার যথাযথ ব্যবহার জরুরি বলেও জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতিদিন যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করা যাবে না। সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কর্মদিবসে কাজে যোগদানেও বিলম্ব করা যাবে না।
একইসঙ্গে নির্ধারিত সময়ে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং এজলাসের পুরো সময় কাজে লাগাতে হবে। যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে তা দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।




