সুন্দরবনে হরিণ শিকারের বড় পরিকল্পনা নস্যাৎ করেছে বন বিভাগ। এ ঘটনায় প্রায় এক হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ ও বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাশিকারি চক্রের সদস্য সন্দেহে বিশ্বজিৎ রায় (৩২) নামে একজনকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের জামতলা এলাকায় অভিযান চালিয়ে এসব ফাঁদ ও মাছ উদ্ধার করা হয়। আটক বিশ্বজিৎ রায়ের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জামতলা খালের আশপাশে অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ্য করছিলেন স্থানীয় জেলেরা। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা বনের ভেতরে অভিযান শুরু করেন।
অভিযানের সময় হরিণ চলাচলের পথ, গাছের সঙ্গে, ঝোপের আড়ালে এবং সরু খালের পাড়ে নাইলনের মোটা রশি দিয়ে পেতে রাখা অসংখ্য ফাঁদ দেখতে পান বনরক্ষীরা। এসব ফাঁদে হরিণের পা আটকে গেলে সহজে বের হওয়ার সুযোগ ছিল না। পরে শিকারিরা হরিণ ধরে জবাই করে মাংস পাচারের পরিকল্পনা করেছিল বলে ধারণা বন বিভাগের।
প্রায় দুই ঘণ্টার অভিযানে বনের ভেতর থেকে এক হাজার ফুটের মতো ফাঁদ উদ্ধার করা হয়। একই সময় পাশের খালে পেতে রাখা বেশ কিছু নিষিদ্ধ শাপলা পাতা মাছও উদ্ধার করা হয়। পরে মাছগুলো নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধার করা ফাঁদগুলো ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন বনরক্ষীরা।
আলোরকোল ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, জামতলা হরিণের নিরাপদ বিচরণক্ষেত্র। এখানে প্রতিদিন সকাল-বিকেল শত শত হরিণ ঘাস খেতে আসে। শিকারিরা সেই সুযোগ কাজে লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা করেছিল। সময়মতো অভিযান না চালালে ১০ থেকে ১৫টি হরিণ মারা পড়তে পারত। ফাঁদগুলো দেখে বোঝা যায়, এটি সংঘবদ্ধ চক্রের কাজ।
অভিযানের সময় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। বনরক্ষীদের নৌকার শব্দ পেয়ে শিকারিরা গভীর বনে পালিয়ে যায়। তবে ফাঁদের ধরন, পাতার কৌশল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের মাধ্যমে খুলনার ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ রায়কে আটক করা হয়।
বন বিভাগ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ ফাঁদ পাতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ বলেন, সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে এ ধরনের ফাঁদ পাতা গুরুতর অপরাধ। জড়িত ব্যক্তিকে আটকের জন্য ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। অবশেষে বিশ্বজিৎ রায়কে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বলেন, হরিণ শিকার সুন্দরবনের জন্য বড় হুমকি। হরিণ বাঁচলে বাঘ বাঁচবে, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। এ কারণে জামতলাসহ সব ক্যাম্পে টহল আরও জোরদার করা হয়েছে। কোনো শিকারিকে ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় জেলে ও বাওয়ালীরা জামতলা এলাকায় স্থায়ী টহল ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, বন বিভাগের অভিযানের পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করা গেলে চোরাশিকারিদের তৎপরতা কমানো সম্ভব হবে। শিকারিদের ধরিয়ে দিতে পুরস্কারের ব্যবস্থারও দাবি জানিয়েছেন তাঁরা।
বিএইচ




