চট্টগ্রামের ফটিকছড়িতে আবারও প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবার উপজেলার সুয়াবিলের চুরখাঁহাট বাজার এলাকায় এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকার চুরখাঁহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকজন অস্ত্রধারী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শোভনছড়ির দিক থেকে বাজারে আসছিলেন। এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হচ্ছিল। স্থানীয় লোকজন তাঁদের থামানোর চেষ্টা করলে অস্ত্রধারীরা বাজার এলাকায়ও কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে শওকতের মাথায় ও হাশেমের হাতে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী হাশেম, জাহাঙ্গীর ও ইরফান জানান, গুলিবর্ষণের পর অটোরিকশার আরোহীরা দ্রুত বারোমাসিয়া এলাকার দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে বৈদ্যেরহাট এলাকায় অটোরিকশার চালককে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চালককে নিজেদের হেফাজতে নেয়। অটোরিকশাটিতেও গুলির চিহ্ন দেখা গেছে।
আটক চালক নিজের নাম জাবেদ বলে পরিচয় দিয়েছেন। তিনি চট্টগ্রাম-গ-১১-২৬৮৮ নম্বরের সিএনজিচালিত অটোরিকশার চালক এবং নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অটোরিকশায় তল্লাশি চালিয়ে গুলির খোসা পাওয়া গেছে। চালকের দেওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশার আরোহীদের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগরের তেমুহনী বাজারে নিজ দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী।
এক দিনের ব্যবধানে উপজেলার দুটি এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্ত্রধারীদের তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিএইচ




