দীর্ঘদিন বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ দুই বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে সরকারের রাজস্ব আয় হয়েছিল প্রায় দেড় কোটি টাকা। দীর্ঘ বিরতির পর আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ না থাকলে কষ্ট করে চলতে হয়। এখন আবার কাজ শুরু হওয়ায় তিনি খুশি।
কড়ইতলি ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, দীর্ঘদিন পর বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হলেও আপাতত ৭০ জন ব্যবসায়ীর মধ্যে মাত্র দুই-তিনজন কয়লা পেয়েছেন। তবে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ব্যবসায়ী সামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন চার-পাঁচশ গাড়ি কয়লা আসত। কিন্তু ২০১৫ সালের পর থেকে আমদানি অনিয়মিত হয়ে পড়ে। নিয়মিত কয়লা আমদানি হলে ব্যবসায়ী ও সরকার উভয়ই লাভবান হবে।
স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান জানান, এ বন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ রয়েছে। তবে বর্তমানে শুধু কয়লা আমদানি হচ্ছে। বন্দর নিয়মিত সচল থাকলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবার আর্থিক অবস্থার উন্নতি হবে।
বিএইচ




