নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, শুধু নভেম্বরেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তাঁর মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক এসব হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন তিনি। ইউনূস জানান, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারী ঋণগ্রহীতাই ব্যাংকটির মালিক।
বিবৃতিতে নিজের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বর্তমান মালিকানা ও পরিচালনার কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি কোনো শেয়ারের মালিক নন এবং কখনো ছিলেনও না।
বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে ব্যাংকটির ওপর নির্ভরশীল লাখ লাখ গ্রামীণ নারী এসব ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
অধ্যাপক ইউনূসের দাবি, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দরিদ্র নারীদের সেবা অব্যাহত রাখতে গ্রামীণ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধান উপদেষ্টা।
বিএইচ




