যুক্তরাষ্ট্রের আকাশপথে বিমান চলাচলের অচলাবস্থা কাটছে না। দেশজুড়ে ফ্লাইট চলাচলে বিপর্যয়ের দ্বিতীয় দিনেও বাতিল হয়েছে ৫ হাজারের বেশি ফ্লাইট। একই সঙ্গে হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে দেখা দিয়েছে বড় ধরনের পরিবর্তন। এতে বিমানবন্দরগুলোতে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত শুক্রবার কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
শনিবারের হিসাব অনুযায়ী, এদিন ৫ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি প্রায় ৬ হাজার ৩০০টি ফ্লাইট বিলম্বের মুখে পড়েছে। এর আগের দিন শুক্রবার বাতিল হয়েছিল প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কার ও আধুনিকায়নে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। তার মতে, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়নে প্রায় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন।
শুক্রবার রাতে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার বড় একটি অংশ এখনো কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল। যোগাযোগব্যবস্থা, নিয়ন্ত্রণ টাওয়ার, রাডার ও সফটওয়্যারসহ বিভিন্ন অবকাঠামো জরুরি ভিত্তিতে আধুনিক করা দরকার। এমনকি কিছু স্থাপনায় ছাদ দিয়ে পানি পড়া, শীতাতপনিয়ন্ত্রণ ও লিফটের মতো মৌলিক সুবিধারও সমস্যা রয়েছে।
তিনি জানান, পুরো ব্যবস্থাকে আধুনিক করতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। এর আগে প্রশাসনের পক্ষ থেকে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নতুন করে নির্ধারিত পুরো অর্থ এখনো কংগ্রেসের অনুমোদন পায়নি।
এদিকে বিমান চলাচলে এই বিপর্যয়ের পেছনে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি সামনে এসেছে। মার্কিন পরিবহন বিভাগের কর্মকর্তাদের ধারণা, পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক সংযোগ স্থাপনের কাজ চলার সময় একটি রাউটার থেকে অস্বাভাবিক সংখ্যক সংযোগের অনুরোধ তৈরি হয়। প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি অনুরোধের চাপ ছড়িয়ে পড়ে অন্য রাউটারগুলোতেও। এতে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগ এবং রাডারের তথ্য আদান-প্রদানে বিঘ্ন ঘটে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কাজ চলার সময় এ সমস্যা দেখা দেয়। তবে যন্ত্রের ত্রুটি, নাকি কাজের সময় কোনো ভুলের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত সাইবার হামলা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যোগাযোগব্যবস্থা সচল হলেও ফ্লাইটের জট কাটতে সময় লাগছে। কয়েক ঘণ্টার অচলাবস্থায় উড়োজাহাজ ও সংশ্লিষ্ট কর্মীদের অবস্থান এলোমেলো হয়ে পড়েছে। একটি উড়োজাহাজ দিনে একাধিক ফ্লাইট পরিচালনা করায় একটি ফ্লাইট বাতিলের প্রভাব পরবর্তী যাত্রাগুলোর ওপরও পড়ছে। ফলে সময়সূচি পুনর্বিন্যাস করতে হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো।
নিউইয়র্কের জন এফ কেনেডি, লাগার্ডিয়া এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে আসন দেওয়া, ভ্রমণের তারিখ পরিবর্তন এবং নিয়ম অনুযায়ী অর্থ ফেরতের ব্যবস্থা করছে বিমান সংস্থাগুলো। তবে বিকল্প ফ্লাইটে আসন পাওয়া নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থার সক্ষমতার ওপর।
এর আগে শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে বিমান চলাচলের যোগাযোগ নেটওয়ার্কে ত্রুটি শনাক্ত হয়। এতে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ সময় নতুন কোনো উড়োজাহাজকে আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়নি। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করে।
পরে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে এর প্রভাব এখনো কাটেনি।
এফএএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড আশা প্রকাশ করেছেন, রোববার দিনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের সময়সূচি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আপাতত আকাশসীমা খোলা থাকলেও ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।
সূত্র: সিএনএন
বিএইচ




