ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। স্ত্রীসহ শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পরও কোনো অনুশোচনা নেই ৫২ বছর বয়সী অভিযুক্ত ইন্দুশেখরের। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, পরিবারের সদস্যদের হত্যার পর তিনি এখন শান্তিতে ও তৃপ্তিতে আছেন।
শনিবার (১৪ নভেম্বর) তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পারিবারিক বিরোধ, স্ত্রীর অপমান এবং সম্পত্তির লোভ থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন পেশায় ক্যাবচালক ইন্দুশেখর। তদন্তকারীদের ধারণা, বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তি নিয়ে বিরোধও হত্যাকাণ্ডের অন্যতম কারণ।
তদন্তে আরও উঠে এসেছে, বাবার পরিকল্পনার বিষয়ে আগে থেকেই জানতেন তার মেয়ে। এমনকি মায়ের অংশের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতিতে বাবাকে হত্যাকাণ্ডে সহযোগিতাও করেন তিনি। হত্যার পর বাড়ির মেঝেতে লেগে থাকা রক্তের দাগ রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করেন ওই তরুণী। মরদেহ প্যাকেট করে বিভিন্ন স্থানে ফেলে আসার কাজেও বাবার সঙ্গে ছিলেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, শ্রীরামপুরার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তির বড় একটি অংশ শাশুড়ি রূপাবতীর কাছে দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে দুই ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে রূপাবতী তাকে কেবল আইনগতভাবে প্রাপ্য অংশ দিতে চেয়েছিলেন। এ নিয়ে পারিবারিক বিরোধ চরমে পৌঁছায়।
তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, পরিবারের সদস্যদের হত্যার পর সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ বা টিপসই স্ট্যাম্প পেপারে নিয়ে রেখেছিলেন অভিযুক্ত। অর্থাৎ হত্যার পরও সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাদের দুই স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনীত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর শিলনোড়া দিয়ে আঘাত করে স্ত্রী সুনীতাকে হত্যার মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের সূচনা হয়। পরে তার মরদেহ নন্দী হিলসের কাছে ফেলে আসেন ইন্দুশেখর।
পরবর্তী দুই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন অজুহাতে বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়। কখনো মদ্যপানের আসরের কথা বলে, আবার কখনো পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গেছেন—এমন মিথ্যা তথ্য দিয়ে তাদের ডেকে আনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
প্রথমে ইন্দুশেখর সাতজনকে হত্যার কথা স্বীকার করলেও তদন্তকারীরা তার বক্তব্য নিয়ে সন্দিহান ছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের ভয়াবহতা ও পূর্বপরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়।
ইন্দুশেখর ও তার মেয়ের ধারণা ছিল, বিভিন্ন স্থানে মরদেহ ফেলে দেওয়ায় তাদের অপরাধ কখনো প্রকাশ পাবে না। তবে পুলিশের তদন্তে একের পর এক তথ্য সামনে আসায় পুরো ঘটনা প্রকাশ্যে আসে।
তথ্যসূত্র: গালফ নিউজ।
বিএইচ




