ভারতের কর্ণাটক রাজ্যে সাত বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে মৃত ধরে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে দুই বছরেরও বেশি সময় কারাগারে কাটাতে হয়েছে এক ব্যক্তিকে। কিন্তু সাত বছর পর সেই ব্যক্তির আইনজীবীদের অনুসন্ধানেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যাকে হত্যার অভিযোগে তিনি জেল খেটেছেন, সেই নারী আসলে বেঁচে আছেন!
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ড্য জেলায়। এ ঘটনা সামনে আসার পর পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে কোনো মরদেহ উদ্ধার না করেই কীভাবে হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ৩ জুলাই মান্ড্য জেলার পাণ্ডবপুরা এলাকার বাসিন্দা মঞ্জু বাবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের পছন্দে বিয়ে করতে রাজি না হওয়ায় নিজের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
বাড়ি ছাড়ার আগে একটি বাসস্ট্যান্ডে জরুরি প্রয়োজনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন মঞ্জু। এ সময় রাগিমুদ্দানাহাল্লি এলাকার বাসিন্দা রাজেশের কাছ থেকে মোবাইল ফোন ধার নিয়ে বাড়িতে কল করেন। এরপর নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে সেখান থেকে চলে যান।
মেয়ের খোঁজ না পেয়ে তার বাবা নাগরাজু পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ করেন। তদন্তে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে মঞ্জু সর্বশেষ যে ফোনকলটি করেছিলেন, সেটি ছিল রাজেশের মোবাইল নম্বর থেকে। এরপর ওই ফোনকলের সূত্র ধরে রাজেশকে সন্দেহের তালিকায় আনা হয়।
তবে দীর্ঘ তদন্তেও মঞ্জুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২০২১ সালে নিখোঁজসংক্রান্ত মামলাটি অমীমাংসিত হিসেবে বন্ধ করে দেওয়া হয়।
এরপর একই বছরের ১১ আগস্ট নতুন করে মামলায় মোড় আসে। অনন্তপদ্মনাভ ও গুরুকুমার নামে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নাগরাজু পুলিশের কাছে অভিযোগ করেন, রাজেশ ২০১৯ সালে মঞ্জুকে অপহরণ করে হত্যা করেছেন এবং তার মরদেহ কাবেরী নদীতে ফেলে দিয়েছেন।
এ অভিযোগের ভিত্তিতে রাজেশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পুলিশ। তৎকালীন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক প্রভাকর তাকে গ্রেপ্তার করেন। পরে কয়েকজন সাক্ষীর বক্তব্য ও রাজেশের কথিত স্বীকারোক্তির ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
তবে পুরো মামলায় সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মঞ্জুকে হত্যার অভিযোগ থাকলেও তার কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। এরপরও কীভাবে হত্যার অভিযোগে চার্জশিট দেওয়া হলো, তা নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন ওঠে।
গ্রেপ্তারের পর রাজেশকে দুই থেকে আড়াই বছর বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হয়। পরে পরিবারের সদস্য ও আইনজীবীদের প্রচেষ্টায় জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার পরও নিজের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করে আসছিলেন রাজেশ।
নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার নিজের আইনজীবীদের নিয়ে স্বাধীনভাবে অনুসন্ধানে নামেন তিনি। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে তারা জানতে পারেন, মঞ্জু মারা যাননি। তিনি জীবিত আছেন এবং মান্ড্য জেলার নাগামঙ্গলা এলাকার কাছাকাছি একটি স্থানে স্বামীর সঙ্গে সংসার করছেন।
পরে রাজেশের আইনজীবী বিষয়টি পুলিশকে জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিন্দিগানাভিলে থানায় নতুন করে মামলা নথিভুক্ত করা হয়। এরপর মঞ্জুকে উদ্ধার করে নারীদের জন্য পরিচালিত একটি আশ্রয় ও কাউন্সেলিং কেন্দ্রে নেওয়া হয়।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে মঞ্জু রাজেশের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, নিখোঁজ হওয়ার পর তাকে হত্যার অভিযোগে মামলা হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।
মঞ্জুর ভাষ্য, রাজেশ নামে কাউকে তিনি চেনেন না। তার বাবা কেন এমন অভিযোগ করেছিলেন, সেটিও তার জানা নেই। রাজেশ সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি করেন তিনি। প্রয়োজনে যেকোনো জায়গায় এ বিষয়ে নিজের বক্তব্য দিতে প্রস্তুত রয়েছেন।
মঞ্জুর এই বক্তব্যের পর সাত বছর ধরে চলা হত্যারহস্য নতুন মোড় নেয়। যে নারীকে হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে বছরের পর বছর আইনি জটিলতা ও কারাবাসের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই নারীই জানালেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার পরিচয় পর্যন্ত নেই।
এ ঘটনায় রাজেশের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, নাগরাজু মিথ্যা মামলা দিয়ে রাজেশের জীবন বিপর্যস্ত করেছেন। পাশাপাশি তৎকালীন তদন্ত কর্মকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক প্রভাকরের বিরুদ্ধেও তদন্তে অনিয়ম ও প্রমাণ জালিয়াতির অভিযোগ তুলেছে পরিবারটি।
রাজেশের পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই তাকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনায় নাগরাজু ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঘটনার গুরুত্ব স্বীকার করেছেন মান্ড্য জেলার পুলিশ সুপার শোভা রানি। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মরদেহ উদ্ধার না হওয়া সত্ত্বেও কীভাবে হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছিল এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। এ জন্য একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশকে (ডিএসপি) দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাত বছর ধরে নিখোঁজ থাকা এক নারীকে মৃত ধরে হত্যা মামলা, সেই মামলায় একজন ব্যক্তির দীর্ঘ কারাবাস এবং শেষ পর্যন্ত অভিযুক্তের আইনজীবীদের অনুসন্ধানে ওই নারীর জীবিত সন্ধান—সব মিলিয়ে ঘটনাটি কর্ণাটকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর পুলিশের বিভাগীয় তদন্তের দিকে। কীসের ভিত্তিতে একজন জীবিত নারীকে মৃত ধরে হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ প্রশাসন।
সূত্র: এনডিটিভি
বিএইচ




