নিউইয়র্কের ১০২ তলা বিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার যুগল অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ। ভালোবাসা ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে তাদের সেই ঝুঁকিপূর্ণ অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে রোমাঞ্চকর সেই কাণ্ডের জেরেই এবার বড় আইনি জটিলতায় পড়েছেন তারা। যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার সমঝোতার প্রস্তাব প্রত্যাহার হওয়ায় দেশটি থেকে বিতাড়নের আশঙ্কায় রয়েছেন এই যুগল।
রাশিয়ার মস্কো থেকে আসা ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ গত জুলাইয়ে নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশে উঠে পড়েন। সেখানে তারা একটি পতাকা প্রদর্শন করেন। পতাকায় লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করে, তখন বিশ্বশান্তির বার্তা পায়।’ এরপরই ইভান সেখানে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন। তাদের এই ব্যতিক্রমী অভিযানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
কিন্তু ভালোবাসার বার্তা দিতে গিয়ে নেওয়া এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এখন তাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে মামলার নিষ্পত্তি নিয়ে আলোচনা চললেও শুনানির ঠিক আগের রাতে সমঝোতার প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইলের পর সমঝোতার বিষয়টি ভেস্তে যায়।
গত ১২ নভেম্বর নিউইয়র্কের একটি ফৌজদারি আদালতে শুনানিতে হাজির হন এই যুগল। শুনানির পর তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আদালতে অ্যাঞ্জেলাকে আবেগাপ্লুত ও কাঁদতে দেখা যায়। এতে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইভান কুজনেতসভ বলেন, তারা কোনো সম্পত্তির ক্ষতি করেননি কিংবা কাউকে বিপদে ফেলার উদ্দেশ্যেও এমন কাজ করেননি। তাদের উদ্দেশ্য ছিল কেবল ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। নিজেদের নির্দোষ প্রমাণে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
অ্যাঞ্জেলা নিকোলাউ বলেন, বর্তমান বিশ্বে নানা দুঃখ-কষ্টের মধ্যে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার মতো একটি শৈল্পিক পরিবেশনা তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। এর মাধ্যমে তারা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন।
যুগলটির আইনজীবী নোয়াম বিয়ালে জানান, প্রসিকিউটরদের পক্ষ থেকে একটি সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে অপেক্ষাকৃত লঘু অপরাধের অভিযোগে দোষ স্বীকার করলে তাদের যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের অধীনে গুরুতর পরিণতি এড়ানোর সুযোগ তৈরি হতে পারত। কিন্তু শুনানির আগের রাতে সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়।
আইনজীবীর দাবি, রাশিয়ায় ফেরত পাঠানো হলে এই যুগলের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। ইভানকে দেশে ফিরিয়ে নেওয়া হলে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, অ্যাঞ্জেলা তার শিল্পীসুলভ অভিব্যক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডের কারণে কারাবন্দি হতে পারেন বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিকে, অ্যাঞ্জেলা ও ইভানের প্রেম এবং বিপজ্জনক উচ্চতায় ওঠার শখ নিয়ে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’। ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। এতে তাদের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি উঁচু ভবনের চূড়ায় ওঠার রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মিডটাউন ম্যানহাটনে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের অন্যতম পরিচিত আকাশচুম্বী ভবন। ১০২ তলাবিশিষ্ট এই ভবনের নির্মাণকাজ শুরু হয় ১৯৩০ সালে। মাত্র ১ বছর ৪৫ দিনে নির্মাণকাজ শেষ করে ১৯৩১ সালের ১ মে এটি উদ্বোধন করা হয়।
ভবনটির ছাদ পর্যন্ত উচ্চতা ১ হাজার ২৫০ ফুট বা ৩৮১ মিটার। অ্যান্টেনাসহ এর মোট উচ্চতা ১ হাজার ৪৫৪ ফুট বা ৪৪৩ দশমিক ২ মিটার। ১৯৩১ সাল থেকে ১৯৭০ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার নির্মাণের আগপর্যন্ত প্রায় ৪০ বছর এটি বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রেখেছিল।
ভালোবাসার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সেই মুহূর্ত এখন অ্যাঞ্জেলা ও ইভানের জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আইনি লড়াই এবং রাশিয়ায় ফিরে যাওয়ার আশঙ্কার মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এই যুগল।
সূত্র: এনডিটিভি ও ফক্স নিউজ
বিএইচ




