ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসার প্রক্রিয়া সহজ হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য স্ট্যাটসম্যানের।
বুধবার (১১ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ আগস্ট ভিসা ব্যবস্থায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন কাঠামো বাস্তবায়নে বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ চলছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হবে।
নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যে থাকা ভিসাগুলো একীভূত করায় আবেদনকারীদের জন্য উপযুক্ত ভিসার শ্রেণি নির্বাচন সহজ হবে বলে জানিয়েছে ভারত সরকার।
নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। এটি ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে ভি-২ ভিসা দেওয়া হবে এক, পাঁচ অথবা ১০ বছর মেয়াদে। এ ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম ও পর্বতারোহণের সুযোগ থাকবে।
চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর হবে এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সহযাত্রীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত এস-১ এবং গবেষণা, পিএইচডি, ইন্টার্নশিপ ও শিক্ষকতার জন্য এস-২ ভিসা চালু করা হয়েছে।
ব্যবসায়িক ভিসাও বি-১ ও বি-২ নামে দুই ভাগে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।
নতুন এ ভিসা কাঠামো কার্যকর হলে বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদন ও ভ্রমণপ্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে দেশটির সরকার।




