জর্ডানের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
জর্ডানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে বা সেটিতে কতজন আরোহী ছিলেন, সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তবে সামরিক বাহিনীর জেনারেল কমান্ডের একটি সূত্র আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষায়িত উদ্ধার ও নিরাপত্তা দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
পৃথক এক বিবৃতিতে জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর আনুষ্ঠানিক নিয়ম মেনে এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জর্ডানে সামরিক বিমান প্রশিক্ষণ অনুশীলনের সময় বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এর আগে ২০২৩ সালে রাজধানী আম্মানের কাছাকাছি একটি প্রশিক্ষণ মিশনের সময় জর্ডান বিমান বাহিনীর একটি কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হন। ওই হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালেও জর্ডান সেনাবাহিনীর আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট প্রাণ হারিয়েছিলেন।
ডিআর




