দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৩ লাখ ১৩ হাজার ৮০ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টে (সিএসএটি) নকলের প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, প্রতি ঘটনায় পুরস্কারের পরিমাণ সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না। কোনো ব্যক্তি একাধিক নকলের ঘটনা প্রকাশ করতে পারলে প্রতিটি অতিরিক্ত ঘটনায় আরও ১০ কোটি ওন করে পুরস্কার বাড়তে পারে।
তিনি আরও জানান, যারা নিজেরা পরীক্ষায় নকল করার কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যদের তথ্য দেবেন, তাদের নিজেদের অপরাধের জন্য শাস্তি কমানো হবে। তবে তারা পূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য থাকবেন।
লি জে মিয়ং বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল করা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসিডেন্টের ভাষায়, পরীক্ষায় নকলের মাধ্যমে কয়েক লাখ পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রম ও প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় পরীক্ষা। এ পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে।




