রাইজিং স্টারস এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকে টানটান উত্তেজনার ম্যাচে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে ইকরাম আলিখিল সর্বোচ্চ ৪৮ রান করেন। এ ছাড়া ইমরান মির ও দারউইশ রাসুলি ১৯ রান করে এবং নাসির খান মারুফখিল ও ফয়সাল শিনোজাদা ১৭ রান করে করেন।
বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, মো. রুবেল ও সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৩৩, শাহাদাত হোসেনের ২৪, ইয়াসির আলির ২০ ও সাব্বির রহমানের ২৮ রানে জয়ের পথে এগিয়ে যায় দল।
তবে ১৬২ রানে নবম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষদিকে ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১১ ও রিপন মণ্ডলের অপরাজিত ৫ রানে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।
আফগানিস্তানের নাভিদ জাদরান ৩ উইকেট নেন। নাসির খান মারুফখিল ও ফারমানুল্লাহ ২টি করে উইকেট শিকার করেন। এ এম গাজানফার ও কায়েস আহমেদ নেন ১টি করে উইকেট।




