আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ হয়েছে। বিশ্বব্যবস্থা ক্রমেই বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠছে এবং ফিরে আসছে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা। এমন মন্তব্য করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন জে. মিয়ারশাইমার।
পাকিস্তানের ‘মার্গালা ডায়ালগ’-এ দেওয়া প্রায় দুই ঘণ্টার এক বক্তৃতায় তিনি একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার উত্থান-পতন, যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।
৭৮ বছর বয়সি এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্ব ছিল একমেরুকেন্দ্রিক। ওই সময়ে যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হওয়ায় বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল না।
সে সময়ের মার্কিন আধিপত্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ছিলাম গডজিলার মতো। সারা বিশ্বে ছুটে বেড়িয়ে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছি। সেটিই ছিল একমেরুকেন্দ্রিক মুহূর্ত।’
দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে বেড়ে ওঠা মিয়ারশাইমার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দুই পরাশক্তির প্রতিযোগিতার কথাও স্মরণ করেন। ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে ওই ব্যবস্থার অবসান ঘটে।
বৃহৎ শক্তিগুলোকে ‘গরিলা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, এসব শক্তি আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং নানা সমস্যার সৃষ্টি করে। তাই তাদের মধ্যকার প্রতিযোগিতার দিকে বিশ্বের নজর রাখা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা ও পাকিস্তানের অবস্থান
মিয়ারশাইমারের মতে, একবিংশ শতাব্দীর বাকি সময়ের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাই হবে প্রধান বৃহৎ শক্তির দ্বন্দ্ব। প্রথমবারের মতো ইউরোপের চেয়ে পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ চীন এখন ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী।
‘পিভট টু এশিয়া’ বা এশিয়ামুখী নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য ছিল পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চীনকে কৌশলগতভাবে চাপে রাখা।
যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের অবস্থান নিয়েও কথা বলেন এই অধ্যাপক। তাঁর মতে, চীন ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত ইসলামাবাদকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হয়নি, যা দেশটির স্বার্থের অনুকূলে।
তবে চীন ও যুক্তরাষ্ট্র এশিয়াজুড়ে তীব্র নিরাপত্তা প্রতিযোগিতায় জড়িয়ে পড়ায় ভবিষ্যতে পাকিস্তানের অবস্থান কী হবে, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
চীনের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রসঙ্গ টেনে মিয়ারশাইমার বলেন, যুক্তরাষ্ট্রের মতো চীনও উল্লেখযোগ্য সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা অর্জন করতে চায়।
কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র
মিয়ারশাইমারের মতে, পারস্য উপসাগর ও ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র পূর্ব এশিয়ায় মনোযোগ দিতে পারছে না। ফলে এশিয়ামুখী নীতির পরিবর্তে অঞ্চলটি থেকে মার্কিন মনোযোগ সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় কোনো সংকট কিংবা চীনের সঙ্গে নতুন সংঘাত চায় না।
মার্কিন নৌবাহিনীর সক্ষমতা ও মোতায়েন নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, পারস্য উপসাগরে ব্যাপক সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌবহর সরিয়ে নেওয়া হয়েছে।
কৌশলগত চাপের কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি নমনীয় আচরণ করছেন বলে মনে করেন এই অধ্যাপক। তবে ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র আবারও এশিয়ায় মনোযোগ দিতে পারে। তখন চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা পাকিস্তানের জন্য স্বস্তিদায়ক হবে না।
যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচনা করে মিয়ারশাইমার বলেন, আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতার পরও ওয়াশিংটন ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত।’
ইরানে মার্কিন সামরিক অভিযানকে ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছেন।
মিয়ারশাইমারের মতে, শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের ঐতিহাসিক নজির নেই; এ জন্য স্থল অভিযান প্রয়োজন হয়। তিনি মনে করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত এবং ইরান জয়ী হবে। ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির ক্ষতি আরও বাড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গাজায় ইসরাইলের অভিযান ও যুক্তরাষ্ট্রের ভূমিকা
গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেন মিয়ারশাইমার। তাঁর অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল গাজাকে ফিলিস্তিনিদের বিতাড়নের সুযোগ হিসেবে নিয়েছে এবং সামরিক অভিযান গণহত্যায় রূপ নিয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিযান চালানো হলেও তারা ভূখণ্ডটি ছাড়েনি। তবে ইসরাইল এখনো তাদের বিতাড়িত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি।
পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন এই অধ্যাপক। গাজাকে বন্দিশিবিরে পরিণত করে আরেকটি ‘নাকবা’ বা বিপর্যয় তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইলের এ ধরনের অভিযান সম্ভব হতো না উল্লেখ করে মিয়ারশাইমার বলেন, ‘যুক্তরাষ্ট্র এই গণহত্যার সহযোগী।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক আইন
মিয়ারশাইমারের মতে, ২০১৭ সাল থেকে বিশ্বব্যবস্থা আবারও বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠেছে। বর্তমানে তিনটি বৃহৎ শক্তি হলো যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তাঁর মূল্যায়নে, যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, চীন খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এই তিন দেশের মধ্যে রাশিয়া তুলনামূলকভাবে দুর্বল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সামান্য অংশ দখল করতেই রাশিয়াকে হিমশিম খেতে হচ্ছে। রুশ সেনাবাহিনী ততটা দক্ষ বা বিপজ্জনক নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, পুরো ইউক্রেন কিংবা পূর্ব ইউরোপ দখল করার সক্ষমতা রাশিয়ার নেই।
তবে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেন। কারণ, এর ফলে রাশিয়া আরও বেশি করে চীনের দিকে ঝুঁকে পড়ছে। ক্ষমতার ভারসাম্যের নীতি অনুযায়ী, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উচিত ছিল রাশিয়াকে নিজেদের পাশে রাখা।
পরিশেষে আন্তর্জাতিক রাজনীতিকে হতাশাজনক হিসেবে বর্ণনা করেন মিয়ারশাইমার। তাঁর মতে, বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইন তৈরি করে। কিন্তু নিজেদের স্বার্থের পরিপন্থি হলে তারাই আবার এসব নিয়ম অমান্য করে।
সূত্র: জিও নিউজ




