হিমালয়ের কোলের দেশ নেপালে ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে পুনর্গঠনের উদ্যোগের মধ্যেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বন্যায় বিপর্যস্ত নেপালকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছে ভারত। বিশ্লেষকদের মতে, এই সহায়তার পেছনে মানবিক বিবেচনার পাশাপাশি নেপালে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার লক্ষ্যও রয়েছে। ফলে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত মার্চে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। সফরে নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা করেছে ভারত। এর মধ্যে সাড়ে তিন হাজার কোটি রুপি অনুদান এবং বাকি ১১ হাজার ৫০০ কোটি রুপি ঋণ। ঋণের অর্থ মূলত জ্বালানি খাতে ব্যয় করা হবে।
গত আগস্টের ভয়াবহ বন্যায় নেপালের রাসুয়া ও ভোতেকোশি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও ঘরবাড়ি। প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হন বহু মানুষ। নেপাল সরকারের হিসাবে, দেশটির পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন।
ভারতের ঘোষিত সহায়তা নেপালের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি সহায়তা। বন্যার পর প্রথম দেশ হিসেবে ভারত উদ্ধার ও ত্রাণ পাঠায়। অন্যদিকে চীনও নগদ অর্থ, ত্রাণ এবং বিশেষজ্ঞ দল পাঠিয়ে নেপালের পাশে দাঁড়িয়েছে।
গত এক দশকে সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধকে কেন্দ্র করে নেপালে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়। যদিও ওই অবরোধের দায় অস্বীকার করে ভারত। এই পরিস্থিতিতে নেপালের বাণিজ্য, অবকাঠামো ও বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রভাব বাড়ানোর সুযোগ পায় চীন।
তবে ২০২৪-২৫ অর্থবছরে নেপালকে ভারতের দেওয়া সহায়তার পরিমাণ চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল।
বালেন্দ্র শাহের সরকারের সামনে এখন বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশ পুনর্গঠন বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ভারত ও চীনের কোনো এক পক্ষের ওপর নির্ভরশীল না হয়ে দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় কাঠমান্ডু।
এ অবস্থায় নেপালকে সহায়তা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি আস্থা অর্জন করাই ভারতের জন্য বড় পরীক্ষা। অন্যদিকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় নেপালের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এনএ




