সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলের আল ওয়াতান রোডে এ দুর্ঘটনা ঘটে।
রাস আল খাইমাহ পুলিশ জানায়, ৪১ জন যাত্রী নিয়ে চলন্ত একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ইউএই ন্যাশনাল অ্যাম্বুলেন্স জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স ও পাঁচটি ফার্স্ট রেসপন্ডার গাড়ি পাঠানো হয়। সেখানে আহত ২৬ জনকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটির অধিকাংশ যাত্রী ওমান থেকে ভিসা পরিবর্তন করে ফিরছিলেন। ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হন।
এদিকে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ড্রোন হামলার’ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই আমিরাতের ফুজাইরাতে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হন।
বিএইচ




