পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, তা জানতে লাহোরের পুলিশপ্রধানের (সিসিপিও) কাছে জবাব চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের আবেদনের শুনানিতে আদালত বলেছেন, গৃহবন্দি করা হয়ে থাকলে বিষয়টি অত্যন্ত গুরুতর। বেআইনিভাবে এমন পদক্ষেপ নেওয়া ব্যক্তিদের এর পরিণতি ভোগ করতে হবে।
বুধবার বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হুসাইনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়ে থাকলে এর যথাযথ কারণ জানাতে বলেছেন। এ বিষয়ে লাহোরের সিসিপিওকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের জীবন ও ব্যক্তিস্বাধীনতা হুমকির মুখে রয়েছে। তাঁকে উদ্ধারের নির্দেশ দিতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে পাঞ্জাবের আইজিপি, লাহোরের ডিসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।
এর আগে লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবনে যাওয়ার পথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। এতে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার সমিতির আয়োজনে সর্বদলীয় সম্মেলনে (এপিসি) তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, মাওলানা ফজলুর রহমান চৌং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে সিন্ধু প্রদেশের এক বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। পুলিশ ওই আবাসন প্রকল্পে যাওয়ার পথে কনটেইনার বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তবে পরে তাঁর বাসভবনে যাওয়ার পথ থেকে কনটেইনার সরিয়ে নেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান দাবি করেন, তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহরে রাষ্ট্রীয় বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, লাহোর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় সেমিনারে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি তাঁকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে থাকায় সেখানে যেতে পারছেন না। তাঁর ভাষ্য, পুরো লাহোর শহরে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ ও চেকপোস্ট বসানো হয়েছে। একজন নাগরিককে বুদ্ধিজীবীদের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে।
এমন পরিস্থিতিতে তাঁকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেন আইনজীবী আবরার হুসাইন। আবেদনে বলা হয়, সর্বদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও পুলিশ তাঁর বাসা ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এতে তাঁর জীবন ও ব্যক্তিস্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ও সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কারণে মাওলানা ফজলুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ঘিরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একের পর এক দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য আক্রমণকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে জমিয়ত। দলটির দাবি, সরকারের নীতির বিরোধিতা এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
গত ৮ নভেম্বর মাওলানা ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পাকিস্তান পোস্টে অবৈধ নিয়োগের অভিযোগে তলবের পরও হাজির না হওয়ায় তাঁকে ইচ্ছাকৃতভাবে তদন্ত এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। একই সঙ্গে তাঁর নাম বিদেশযাত্রা নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
এর আগে জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) ১০ নভেম্বর আসাদ মাহমুদকে তদন্ত দলের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান পোস্টে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এ তদন্ত চলছে। ওই সময় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন আসাদ মাহমুদ।
২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান। তাঁর দলও ওই সরকারের অংশ ছিল। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জমিয়ত।
এরপর থেকে সরকারের বিভিন্ন নীতি ও রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।
সূত্র: জিও, এক্সপ্রেস নিউজ উর্দু





