হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালির পূর্ব অংশের একটি ‘অননুমোদিত নৌপথে’ আরেকটি ট্যাংকার একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।
ইরানি বাহিনীর দাবি, জলসীমায় নিজেদের উপস্থিতি গোপন রাখা এবং নজরদারি এড়াতে ট্যাংকার দুটি তাদের অবস্থান শনাক্তকরণব্যবস্থা বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল।
বিবৃতিতে ওই নৌপথ ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। তাদের দাবি, পুরো পথজুড়ে বিপুলসংখ্যক মাইন পেতে রাখা হয়েছে। এ ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তাও কোনো জাহাজকে রক্ষা করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত পথ ব্যবহারের নির্দেশ দিচ্ছে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে প্রণালিতে জাহাজে মাইন হামলার ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





