মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় হামলার ঘটনায় সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে। সপ্তাহের ব্যবধানে এ দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক উত্তেজনা না বাড়ানোর অবস্থান, আঞ্চলিক বাজারে তেলের সরবরাহ বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদা দুর্বল হওয়ার কারণে দাম কমেছিল। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় আবারও বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় ইতালির দুটি প্রতিষ্ঠানের দুই কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি করেছে। একই সময়ে জাজান তেল শোধনাগারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নেপালের এক কর্মী নিহত হন এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার পর শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে আংশিক বন্ধ রাখতে হয়। এ ছাড়া রিয়াদে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত প্রণালিটিতে প্রায় দুই ডজন হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। অক্টোবরে এ সংখ্যা ছিল ৩০টি।
জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য বলছে, ২৫ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় কমে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।
এক্সটিবির গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকসের মতে, সাম্প্রতিক হামলাগুলো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তিচুক্তি না হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এদিকে আগামী রোববার (২৯ নভেম্বর) বৈঠকে বসছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। টানা ছয় দফা উৎপাদন বাড়ানোর পর গত সেপ্টেম্বর থেকে জোটটির উৎপাদন কোটা অপরিবর্তিত রয়েছে। বিশ্লেষকদের ধারণা, জানুয়ারি পর্যন্ত উৎপাদন কোটা একই রাখা হতে পারে। তবে জোটের কয়েকটি সদস্যদেশ উৎপাদন বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়লে, হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকি অব্যাহত থাকলে এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।
সূত্র: সিএনএন





