রাজধানীর কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় ১৭ বছর আগে সংঘটিত এক সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৫), নিজাম (২৪) এবং মনির হোসেন ওরফে সেন্টু (২৬)। আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডিতদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অন্য তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তরুণী তার এক বান্ধবীর সঙ্গে আশ্রাফাবাদ এলাকার বেড়িবাঁধ সংলগ্ন নৌকাঘাটে বেড়াতে যান। একপর্যায়ে বান্ধবী চলে গেলে আসামিরা তাকে জোরপূর্বক একটি নৌকায় তুলে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে নৌকাটি বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে মাঝিকে নদীতে ফেলে দিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর তাকে একটি বাড়ির কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ভুক্তভোগী নিজেই থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১০ সালের ৩১ অক্টোবর কামরাঙ্গীরচর থানার এসআই শফিকুল ইসলাম শিকদার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচারকালে ট্রাইব্যুনাল আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।
মানবকণ্ঠ/আরআই




