অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দমতো লোক নিযুক্ত করা স্বাভাবিক নিয়ম, এতে অবাক হওয়ার কিছু নেই। তিনি এই মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে বাদ দেয়ার পর।
সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম বলেন, “আমার অসমাপ্ত কাজ যেন নতুন চিফ প্রসিকিউটর সমাপ্ত করেন।”
এর আগে নতুন সরকার তাকে বাদ দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করেছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দায়িত্বে ছিলেন।
তাজুল ইসলাম বলেন, “প্রথম আমার রিঅ্যাকশন হচ্ছে, নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং তিনি যাতে আমাদের রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব সম্পন্ন করতে সফল হন।”
নিজের দায়িত্বকালে তিনি ট্রাইব্যুনালের বিশৃঙ্খল পরিস্থিতি উল্লেখ করে বলেন, “মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল, বইপত্র ও নথিপত্র বৃষ্টিতে ভিজছিল। আমরা সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছি।”
পদত্যাগ বিষয়ে তাজুল ইসলাম বলেন, “সরকার প্রথম বলেছিল, দায়িত্ব আগের মতো চলবে। পরে জানানো হলো, নতুন কাউকে রিপ্লেস করা হবে। আমি স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করিনি, কারণ এটি ভিন্ন বার্তা দিতে পারত।”
মানবকণ্ঠ/আরআই




