কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয়দানকারী আব্দুর রহমানকে হত্যার ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রায় ৫৫ ঘণ্টা পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ মামলা করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় চারজন এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল। তার পরিবার জানিয়েছিল মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে।
ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েক শ মানুষের সংঘবদ্ধ আক্রমণে নিহত হন শামীম। আস্তানায় দফায় দফায় হামলা ভাঙচুর এবং আগুন লাগানো হয়। এ ছাড়া সেখান থেকে মূল্যবান সম্পদ লুটের অভিযোগ উঠে।




