অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নান-কে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, সম্প্রতি সুপ্রিম কোর্টে বেঞ্চ পুনর্গঠনের সময় তাকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি। এমনকি কজলিস্টেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। প্রশাসনিকভাবে এ ধরনের পদক্ষেপকে কার্যত দায়িত্ব প্রত্যাহার বা ওএসডি হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার সূত্রপাত হয় গত ৩ এপ্রিল কুমিল্লার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়াম-এ আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে একটি এপেক্স ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে বিচারপতি মান্নান উপস্থিত হন এবং নির্বাচন বন্ধের নির্দেশ দেওয়ার চেষ্টা করেন।
ভাইরাল হওয়া প্রায় দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত অন্য সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়। পরে তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
আয়োজকদের দাবি, জাতীয় বোর্ডের ডিরেক্টর পদে নির্বাচন ও প্রেসিডেন্ট-সেক্রেটারি কনফারেন্স উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এ সময় ঢাকার একটি আদালতের সমন নিয়ে বিচারপতি সেখানে উপস্থিত হন বলে জানা যায়। তবে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের সদস্যরা জানান, তারা কোনো আনুষ্ঠানিক আদালতের আদেশ পাননি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




