আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য জানান।
শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, মামলার তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে তা সম্পন্ন করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় মঞ্জুর করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তের জন্য পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে র্যাব এই মামলার তদন্ত করলেও কোনো কূল-কিনারা করতে না পারায় আদালত তদন্তের দায়িত্ব টাস্কফোর্সকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে সময় আদালত স্পষ্ট করে বলেছিলেন, এটিই শেষবারের মতো সময় দেওয়া হলো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এক দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচিত হয়নি এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এখন পর্যন্ত বহুবার পেছানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




