রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন তাঁর বাবা, মা ও ছোট বোন। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রামিসার ছোট বোন রাইসা আক্তারের বয়স বিবেচনা করে তাঁর সাক্ষ্য নেওয়া হয় ‘ক্যামেরা ট্রায়ালে’ (রুদ্ধদ্বার কক্ষে)।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন রামিসার মা পারভীন আক্তার। তিনি হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিয়ে বলেন, “বাসায় ঢুকে দেখি আমার মেয়ের মাথা একদিকে আর শরীর অন্যদিকে পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি।” তিনি আরও অভিযোগ করেন, প্রধান আসামি সোহেল রানা যখন জানালা দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন তার স্ত্রী স্বপ্না তাঁকে পালাতে সাহায্য করেছে। তবে সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, পারভীন আক্তার কিছু বিষয়ে আদালতে মিথ্যা বা অসংলগ্ন তথ্য দিয়েছেন।
রামিসার বাবা হান্নান মোল্লা তাঁর সাক্ষ্যে সরাসরি সোহেল রানাকে অভিযুক্ত করে বলেন, “সোহেলই আমার মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছে। আমি এই নরপিশাচের সর্বোচ্চ শাস্তি চাই।” সাক্ষ্য প্রদানের সময় কাঠগড়ায় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১ জুন) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে রামিসার ছোট বোনের নিরাপত্তা ও মানসিক অবস্থার কথা চিন্তা করে ক্যামেরা ট্রায়ালের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। গত ২৪ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে, যেখানে সোহেল রানাকে ধর্ষণ ও হত্যার জন্য এবং তাঁর স্ত্রী স্বপ্নাকে হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য অভিযুক্ত করা হয়। ১৫ জনকে এই মামলায় সাক্ষী করা হয়েছে। বিচারক আজ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন।
মানবকণ্ঠ/আরআই




