আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল এবং ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিসিবির ৬ জন কাউন্সিলর যৌথভাবে এই রিটটি দায়ের করেছেন। তাদের আবেদনে ঘোষিত নির্বাচনী প্রক্রিয়ায় অসঙ্গতি এবং ভোটার তালিকায় ত্রুটির বিষয়টি তুলে ধরা হয়েছে।
এর আগে গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৭ জুন সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া গত ১৭ মে বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত আরও দুজনসহ মোট ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন—গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এ বি এম এহসানুল মামুন।
হাইকোর্টে এই রিট আবেদনের ফলে নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে নতুন করে আইনি জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হলো।
মানবকণ্ঠ/আরআই




