রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্য দিয়েছেন শিশুটির বাবা ও মা। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তারা।
সাক্ষ্য দেওয়ার সময় রামিসার মা পারভীন আক্তার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই দিনের বিভীষিকাময় বর্ণনা দেন। তিনি বলেন, “আমি পাশের ফ্ল্যাটের (আসামি সোহেল ও স্বপ্নার ফ্ল্যাট) সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেছি। দরজার সামনে আমার মেয়ের একপাটি জুতা দেখে নিশ্চিত হই সে ভেতরে আছে। আমি বারবার হাতজোড় করে বলেছি— বোন, দরজাটা খোল, তোর কিচ্ছু হবে না। কিন্তু সে (আসামি স্বপ্না) খোলেনি।”
মামলার বাদী ও শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা তার জবানবন্দিতে বলেন, “অফিসে থাকা অবস্থায় স্ত্রী ফোন দিয়ে জানায় রামিসাকে পাওয়া যাচ্ছে না। দ্রুত বাসায় ফিরে দেখি অনেক মানুষ জড়ো হয়েছে। আমি নিচ থেকে হাতুড়ি নিয়ে এসে দরজা ভাঙার চেষ্টা করি। তালা ভাঙার পর ভেতরে ঢুকে দেখি কমন রুম ও বাথরুমে রক্ত। বাথরুমের বালতির ভেতরে আমার কলিজার টুকরা রামিসার মাথা পাওয়া যায়। ওই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি।”
আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে কড়া নিরাপত্তায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। বেলা ১০টা ৩৫ মিনিটে বিচারক এজলাসে ওঠার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। জবানবন্দি শেষে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ বাদীকে জেরা করেন। এরপর রামিসার বড় বোন রাইসা আক্তারের জবানবন্দি ‘ক্যামেরা ট্রায়াল’-এর মাধ্যমে গ্রহণ করা হয়।
মামলার নথিমতে, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের ঘরে নিয়ে যায় প্রতিবেশী স্বপ্না। এরপর সোহেল রানা তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। আলামত গোপনের উদ্দেশ্যে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে বালতিতে লুকিয়ে রাখা হয়। এই ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১ জুন) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে মাত্র ৫ দিনের মাথায় গত ২৪ মে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে, যার মধ্যে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তারাও রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




