চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঋণ খেলাপি হওয়ার অভিযোগে উচ্চ আদালত এই রায় প্রদান করায় তার অনুকূলে নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি (৩০ জুন) ধার্য করেছিলেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তিনি ঋণ খেলাপি—এমন অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন জামায়াত সমর্থিত প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ব্যাংক এশিয়া পিএলসি। ইসি সেই আবেদন খারিজ করলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। পরবর্তীতে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়ে যায়, যার ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং বেসরকারিভাবে বিজয়ী হন।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ এক আদেশে জানায়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। আজ চূড়ান্ত রায়ে আপিল বিভাগ তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, মিফতাহ উদ্দিন চৌধুরী ও রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম। আদালতকে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে ছিলেন এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী।
মানবকণ্ঠ/ডিআর




