দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছে দুবাই পুলিশ। তবে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় কিছু আইনি ও কারিগরি নথি এবং তথ্য-উপাত্ত চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে তারা।
সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ করছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) রেজাউল করিম বলেন, দুবাই পুলিশের চাওয়া তথ্যগুলো মূলত প্রয়োজনীয় ডকুমেন্ট। সেগুলো দুদকের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত পাঠানো হবে। পুরো প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ।
তিনি জানান, বেনজীর আহমেদকে ঠিক কবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ প্রত্যর্পণ প্রক্রিয়া সংশ্লিষ্ট আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার ওপরই তা নির্ভর করছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছিলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ দুবাইয়ে আটক রয়েছেন। পরবর্তীতে দুদক প্রায় ১৪৪ পৃষ্ঠার তদন্ত-সংক্রান্ত নথি আরবিতে অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে দুবাইয়ে পাঠায়। এতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণ এবং প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র সংযুক্ত ছিল।
প্রায় এক মাস পর ওই আবেদনের জবাবে দুবাই পুলিশ অতিরিক্ত তথ্য ও নথি চেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এসব নথি দ্রুত পাঠানো হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আরও অগ্রগতি হবে।




